নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও ছিনতাই মামলার আসামিকে গ্রেপ্তারের অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ ঘটনায় সোনারগাঁ থানার এক উপ-পরিদর্শক (এসআই), এক কনস্টেবল ও পুলিশের এক সোর্স আহত হয়েছেন।
শনিবার (৪ জুলাই) দুপুরেে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাতভাই পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযানের সময় সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন ও সোর্স মাসুম মিয়াকে কুপিয়ে আহত করে। তাদেরকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত এসআই সুরুজ্জামান জানান, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইপাড়া এলাকায় তিনিসহ কনস্টেবল শাহীন মহাসড়কে মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় উদ্ধার অভিযানে যান। এ সময় আসামি সাগর ও তার ভাই সজল দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পুলিশ সদস্য ও সোর্স মাসুমকে জখম করে।
খবর পেয়ে অন্য পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করেছেন। তাদের মধ্যে পুলিশ সদস্যদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এবং পুলিশ সোর্স মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ‘‘মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে আসামি ধরতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত আসামি সাগর ও সজলকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









