কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় দীর্ঘ ১৬ বছর ধরে জমে থাকা ময়লা-আবর্জনা ও দুর্গন্ধ দূর করতে সরকারি পুকুরে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করায় স্বস্তি ও উচ্ছ্বাস প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (৪ জুলাই) সকালে অভিযানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন, কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক জেবুন নাহার শাম্মি এবং কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম মারুফ।
স্থানীয় সূত্রে জানা যায়, নগুয়া এলাকার সরকারি পুকুরটিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের বর্জ্য ও ময়লা-আবর্জনা জমে থাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছিলেন। প্রায় ১৬ বছর ধরে পুকুরটির যথাযথ সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা না হওয়ায় এর পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ে।
এ অবস্থায় জেলা প্রশাসনের উদ্যোগে পুকুরটি পরিষ্কার ও পরিবেশ পুনরুদ্ধারে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। অভিযানে পুকুর থেকে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি ভবিষ্যতে যাতে কেউ সেখানে বর্জ্য না ফেলতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের একটি সমস্যা সমাধানে প্রশাসনের এ পদক্ষেপ প্রশংসনীয়। তারা পুকুরটির পরিচ্ছন্নতা বজায় রাখতে সবার সম্মিলিত দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









