চলমান নিষেধাজ্ঞা অমান্য করে হরিণ শিকারের চেষ্টা ও কাঁকড়া আহরণ করায় ৪ জনকে আটক করেছে বনবিভাগ।
শনিবার (৪ জুলাই) ভোরে পূর্ব সুন্দরবনের মৃগামারী এলাকা থেকে ঐ শিকারিদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত নৌকা থেকে হরিণ শিকারের ফাঁদ, আড়াই মণ কাঁকড়া ও কাঁকড়া ধরার বেশ কিছু চারু জব্দ করা হয়েছে। আটক শিকারিদের শনিবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলে সূত্রে জানা গেছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, চাঁদপাই ফরেস্ট স্টেশন ও আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের বনরক্ষীরা যৌথভাবে সুন্দরবনের মৃগামারী খালে অভিযান চালিয়ে নৌকাসহ চার হরিণ শিকারিকে আটক করে। এ সময় তাদের সাথে থাকা নৌকায় তল্লাশি চালিয়ে ৩শ ফুট হরিণ শিকারের ফাঁদ, ৭টি ঝুড়িতে রাখা আড়াই মণ কাঁকড়া ও কাঁকড়া ধরার ৫০টি নিষিদ্ধ চারুসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।
আটক শিকারিরা হচ্ছে, মোংলা উপজেলার দক্ষিণ চিলা গ্রামের একাধিক বন মামলার আসামি ও চিহ্নিত হরিণ শিকারি ফরিদ হাওলাদার (৫৫), আতাউর খান (৫৬), মোজাম জোমাদ্দার (৩৩) ও রুহুল জোমাদ্দার (৩৫)।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বলেন, ‘‘বর্তমানে সুন্দরবনে প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে ঐ ৪ হরিণ শিকারি সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে হরিণ শিকারের অপচেষ্টা চালায় এবং কাঁকড়া আহরণ করে।’’
তিনি আরও বলেন, ‘‘আটক ফরিদ একজন হরিণ শিকারি ও তার বিরুদ্ধে একাধিক বন মামলা চলমান রয়েছে। সম্প্রতি জেল থেকে জামিনে বের হয়ে সে আবার হরিণ শিকারে নেমে পড়ে।’’
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে ৪ জুলাই দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









