নোয়াখালীর সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন।
শনিবার (৪ জুলাই) বিকেলে ৩টার দিকে নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর-চেয়ারম্যান সড়কের মান্নাননগর কোম্পানীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ আল মাসুম জেলার হাতিয়া পৌরসভার শূন্যের চর এলাকার বাসিন্দা এবং সদরের জামিয়া ইসলামিয়া ফয়জিয়া মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, বিকেলে মাদরাসার উদ্দেশ্যে সিএনজিযোগে রওনা দেন মাসুম। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক নারী ও দুই শিশুসহ পাঁচজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল মাসুমকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান চালক পালিয়ে গেলেও স্থানীয়রা গাড়িটি আটক করে রাখেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









