ঝালকাঠির নলছিটিতে বিপরীত দিক থেকে আসা একটি বাসকে ওভারটেক করার সময় সামনে পড়া থ্রি-হুইলারকে (মাহিন্দ্রা) বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে গেছে। এতে বাসের নিচে চাপা পড়ে ওই পরিবহনের সুপারভাইজার নিহত হয়েছেন। তবে বাসে থাকা অন্য যাত্রীরা দ্রুত নেমে আসতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানি ঘটেনি। দুর্ঘটনার পর ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকে।
রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নলছিটি উপজেলার পূর্ব রায়পুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে যাত্রী নিয়ে নাহিদ সুপার পরিবহন (বরিশাল মেট্রো-১১-০০৭৩) নামের একটি বাস বরিশালের উদ্দেশ্যে রওনা হয়। পথে পূর্ব রায়পুর বটতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসকে ওভারটেক করার সময় দুই বাসের মাঝখানে একটি মাহিন্দ্রা চলে আসে। সেটিকে বাঁচাতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বাসটির সুপারভাইজার নিহত হন। পরে তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাসুম ইফতেখার জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









