যশোরের শার্শা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদককারবারি দম্পতি গ্রেপ্তার হয়েছে। শনিবার (৪ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— দক্ষিণ বুরুজবাগান এলাকার মৃত শেখ জোহর আলীর ছেলে শেখ আবুল হোসেন (৫৫) এবং তার স্ত্রী মাছুরা খাতুন (৪৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া এই দম্পতি এলাকায় মাদক বিক্রেতা হিসেবে পরিচিত।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক মাদককারবারি দম্পতি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বুরুজবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









