গঙ্গাচড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রান্তীক গোস্বামী রঙ্গন (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থী। চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া রঙ্গনের জীবনের শেষ পরীক্ষাটি আর দেওয়া হলো না। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
রবিবার (৫ জুলাই) সকাল আটটার দিকে উপজেলার বেতগাড়ী-পাগলাপীর সড়কের শাহপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রঙ্গন উপজেলার বেতগাড়ী ইউনিয়নের রামনগরপাড়া গ্রামের প্রদীপ চন্দ্র গোস্বামীর একমাত্র ছেলে। তিনি ধনতলা রেয়াজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে পাগলাপীর বাজারের উদ্দেশে রওনা হন রঙ্গন। শাহপাড়া মোড়ে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রঙ্গনের অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তার বাবা-মা। সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে গভীর শোক।
রঙ্গনের প্রতিবেশী আরেফিন মামুন বলেন, গতকালও আমার দোকানে বসে কত স্বপ্নের কথা বলেছিল। বলেছিল, একদিন নিজের প্রাইভেট কার কিনবে, ছোট বোনকে মানুষের মতো মানুষ করবে। সামনে বাবা-মায়ের বিবাহবার্ষিকীতে তাদের চমকে দেওয়ারও পরিকল্পনা ছিল। কিন্তু এক দিনের ব্যবধানে সব স্বপ্ন থেমে গেল। এখনও বিশ্বাস করতে পারছি না, রঙ্গন আর আমাদের মাঝে নেই।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









