যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট।
রবিবার (৫ জুলাই) দুপুরে ম্যানচেস্টার থেকে ২৬৮ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট (বিজি ২০৮) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণকৃত যাত্রীদের মধ্যে ২২৭ জন সিলেটে এবং ৪১ জন ঢাকায় নামেন।
দুপুরে ওসমানী বিমানবন্দরে পৌঁছানো যাত্রীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়াও বিমানবন্দরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘‘সিলেটকে দেশের একটি অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র বা ‘হাব’ হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। শুধুমাত্র বিমান যাত্রী আনা-নেওয়াই নয়, বরং এই অঞ্চলের পর্যটন খাতের সামগ্রিক উন্নয়ন ও সম্ভাবনাকে কাজে লাগাতে নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে।’’
তিনি আরও বলেন, ‘‘ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ওই উচ্চতায় উন্নীত হলে আমাদের ইচ্ছা আছে সিলেট থেকে সরাসরি ভারতের গোয়াহাটি রুটে ফ্লাইট চালু করার। এছাড়া ভারতের অন্যান্য অঞ্চলেও সিলেট থেকে ফ্লাইট যেতে পারে, যাতে দুদেশের মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য এবং সাংস্কৃতিক আদান-প্রদান আরও সহজ ও গতিশীল হয়।’’
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, ‘‘প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এবং তারা যাতে স্বস্তিতে ও সাশ্রয়ী সময়ে যাতায়াত করতে পারেন, সেজন্য এই রুটটি চালুর ব্যাপারে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘বর্তমান সরকার প্রবাসীদের সেবার মান উন্নয়ন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। একই সঙ্গে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমানভাড়া সহনীয় পর্যায়ে আনতেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।’’
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণের কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘‘এই উন্নয়ন কাজ শেষ হলে বিদেশি অনেক ফ্লাইটও সরাসরি সিলেটে আসবে। এছাড়া সিলেটকে আমরা একটি পূর্ণাঙ্গ পর্যটন হাবে পরিণত করতে চাই।’’
সিলেট-কক্সবাজার রুটে সরাসরি বিমানের ফ্লাইট চালুর ব্যাপারে তিনি বলেন, ‘‘আমরা গুরুত্ব দিয়ে আলাপ-আলোচনা করছি। আশা করছি খুব শিগগিরই এই রুটে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হবে। সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট যাতে আর বন্ধ না হয় সেই চেষ্টা থাকবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী।’’
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ‘‘ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের চলমান সম্প্রসারণ কাজ শীঘ্রই সম্পন্ন হবে। এই কাজ শেষ হলে বিমানবন্দরটি আন্তর্জাতিকভাবে আরও বেশি ফোকাস পাবে।’’
এর আগে, গত ৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ঢাকায় এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছিলেন, বিএনপি সরকার গঠন করলে বিমানের এই রুটটি পুনরায় চালু করা হবে। এর মাত্র চার মাসের মাথায় সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









