ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ও হল পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দফায় দফায় মারামারির ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ৫ সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এই কমিটি গঠন করেন।
কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও মেহেরপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. তোজাম্মেল হোসেন।
কমিটির অন্য সদস্যরা হলেন—শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এস এম শরফরাজ নওয়াজ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। এছাড়া তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. রাজিবুল ইসলাম কমিটির সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।
গঠিত কমিটিকে ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে আগামী ৭ (সাত) কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার যথাযথ তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তারা আন্তরিক রয়েছে।
এ বিষয়ে কমিটির আহ্বায়ক ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বলেন, "আমি চিঠি হাতে পেয়েছি। নির্দিষ্ট সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









