বই খুলে মুখস্থ করার গতানুগতিক ধারা ভেঙে অভিনয়ের মাধ্যমে পাঠ শেখার এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। বইয়ের গল্প আর পড়ালেখার বিষয়বস্তু এখন জীবন্ত হয়ে উঠছে মঞ্চে, যেখানে শিক্ষার্থীরাই একেকটি চরিত্র হয়ে সংলাপ ও অভিনয়ের মাধ্যমে রপ্ত করছে পাঠের মূল বিষয়। উদ্যোক্তাদের দাবি, থিয়েটারের মাধ্যমে পাঠভিত্তিক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশে এটিই প্রথম অভিনব উদ্যোগ।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে তেঁতুলিয়া উপজেলার শাড়িয়াল জোত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ এই কর্মসূচির মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। 'কারিগড়' নামক একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমে পাঠ্যবইয়ের বিভিন্ন গল্প ও বিষয়বস্তুকে নাট্যরূপ দিয়ে ছোট ছোট পরিবেশনা তৈরি করা হয়।
প্রচলিত শিক্ষাপদ্ধতিতে সাধারণত শিক্ষকরা পাঠদান করেন আর শিক্ষার্থীরা তা শোনে। তবে এই উদ্যোগে শিক্ষার্থীরা নিজেরাই হয়ে উঠছে পাঠের মূল অংশ। অভিনয়, সংলাপ ও আনন্দের মধ্য দিয়ে পাঠ শেখার ফলে শিশুদের মধ্যে আত্মবিশ্বাস, সৃজনশীলতা, কথা বলার দক্ষতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি হচ্ছে।
উদ্যোক্তা ও থিয়েটারকর্মী সরকার হায়দার জানান, শিশুরা যেন পড়াশোনাকে কোনোভাবেই বোঝা না ভাবে, সেটিই তাদের মূল লক্ষ্য। আনন্দের মধ্য দিয়ে পাঠ গ্রহণের পাশাপাশি থিয়েটারকে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত করতেই এই প্রচেষ্টা।
শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, আগে শুধু বই পড়ে বিষয়গুলো শিখতে হতো, যা অনেক সময় কঠিন লাগত। কিন্তু এখন নিজেদের অভিনয়ের মাধ্যমে পড়াশোনা অনেক সহজ ও আনন্দদায়ক মনে হচ্ছে এবং বিষয়গুলো দীর্ঘসময় মনে থাকছে।
স্থানীয় শিক্ষক, শিক্ষাবিদ ও অভিভাবকরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, শিখন প্রক্রিয়ায় শিশুদের সরাসরি সম্পৃক্ত করার ফলে পাঠ আরও কার্যকর হচ্ছে। পড়াশোনার প্রতি শিশুদের আগ্রহ ও সৃজনশীলতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্যোক্তারা আশাবাদ ব্যক্ত করে জানান, সরকারি সহযোগিতা পেলে থিয়েটারের মাধ্যমে পাঠদানের এই যুগোপযোগী পদ্ধতি পর্যায়ক্রমে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









