নাটোরের গুরুদাসপুর উপজেলায় এক তরুণের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযুক্তের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) দুপুরে গুরুদাসপুর থানার সামনে অভিযুক্তকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন স্থানীয় লোকজন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার এক বাসিন্দা ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননা করে পোস্ট করে বলে অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে থানার সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে স্থানীয়রা অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তের বাড়িটি কয়েক বছর ধরে তালাবদ্ধ রয়েছে। সে মাঝেমধ্যে বাড়িতে এলেও বর্তমানে ঢাকায় থাকেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, ‘‘তার বাবা মারা যাওয়ার পর থেকে বাড়িটি প্রায় সময়ই বন্ধ থাকে। তিনি কী পোস্ট করেছেন, সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই।’’
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, ‘‘বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অভিযুক্তের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘অভিযোগের বিষয়ে অভিযুক্তের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংশ্লিষ্ট পোস্ট ও ছবি সংগ্রহ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









