সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জেসমিন সুলতানা জুঁই পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
রবিবার (৫ জুলাই) বিকেলে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, শিক্ষার পরিবেশ ও অবকাঠামো ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
সফরের শুরুতে তিনি পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরে তিনি পিরোজপুর সদর উপজেলার তেজদাসকাঠী কলেজ পরিদর্শন করেন। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
এরপর তিনি দুর্গাপুর চুঙ্গাপাশা নেছারিয়া আলিয়া মাদ্রাসা পরিদর্শন করে শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য জেসমিন সুলতানা জুঁই শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো এবং শিক্ষক-শিক্ষার্থীদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। তিনি শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান নিশ্চিতকরণ এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে সংশ্লিষ্টদের বক্তব্য শোনেন। একই সঙ্গে শিক্ষার্থীদের মনোযোগসহকারে লেখাপড়া করে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি বলেন, ‘‘একটি শিক্ষিত, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষা খাতের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।’’
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলামসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে সংসদ সদস্য জেসমিন সুলতানা জুঁই পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









