বরগুনা সদর উপজেলা চার্জে থাকা অটোরিকশায় বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী -স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটে। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ডালভাঙা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোঃ বেল্লাল (৪৫) ও তার স্ত্রী কমলা (৪০)। এ ঘটনায় নিহত ওই দম্পতির তিন ছেলে -মেয়ে রয়েছে। নিহত ওই দম্পতির বড় মেয়েও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, নিহত বেল্লাল বাড়িতে একটি নতুন গরুর ফার্ম তৈরি কাজ করছিলেন। কাজ শেষ দিকে হওয়ায় ফার্মের জন্য নতুন টিন ক্রয়ের জন্য তিনি তাঁর অটোরিকশা নিয়ে বাজারে আসার পরিকল্পনা করেন। পরে বাড়িতে থাকা নিজের অটোরিকশাটিকে চার্জের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎ বেল্লাল বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাকে উদ্ধার করতে স্ত্রী কমলা ও তাঁর মেয়ে সেখানে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরবর্তীতে বিষয়টি স্থানীয়রা টের পেয়ে বাড়িতে থাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাঁদেরকে উদ্ধার করে বরগুনা ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেল্লাল ও তার স্ত্রী কমলাকে মৃত ঘোষনা করেন।
এ ছাড়াও বিদ্যুৎস্পৃষ্টে পায়ে জখম হয়ে আহত মেয়ে আরিফাকেও হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
নিহত বেল্লালের প্রতিবেশী মোসাঃ ফিরোজা বলেন, সকালে চার্জে থাকা অটোরিকশা আনতে গিয়ে প্রথমে বেল্লাল বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাঁকে ছাড়াতে গিয়ে স্ত্রী ও মেয়েও বিদ্যুৎস্পৃষ্ট হয়। খবর পেয়ে এলাকাবাসী মিলে তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে আসার পর ডাক্তার বলেন, বেল্লাল ও তার স্ত্রী কমলার মৃত্যু হয়েছে।
নিহত বেল্লালের দুলাভাই মোঃ কবির বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর শুনে আমি হাসপাতালে এসে দেখি বেল্লাল ও তার স্ত্রী কমলা মারা গেছেন। তাঁদের বড় মেয়েও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছে। তবে মেয়েকে চিকিৎসা দেওয়া হয়েছে, এখন সুস্থ আছে।
বরগুনা জেনারেল হাসপাতালের জরুরী মেডিকেল অফিসার ডাঃ অপূর্ব কুমার চৌধুরী বলেন, সকালে বেল্লাল ও কমলা নামে দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রয়োজনীয় পরীক্ষা শেষে আমরা নিশ্চিত হয়েছি তাঁদের মৃত্যু হয়েছে।
বরগুনা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









