কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৬ জুলাই) সকালে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ উদয়নগর বিওপির একটি টহল দল উপজেলার ডিগ্রীচর এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অস্ত্রের বিস্তার রোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ৪৭ বিজিবি নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উদয়নগর বিওপির টহল দলটি ডিগ্রীচর এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় উল্লেখিত বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় অস্ত্র, গোলাবারুদ, মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা রক্ষায় বিজিবির এই গোয়েন্দাভিত্তিক বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









