সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ১২ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে ভুক্তভোগী শিশুর পরিবার গোয়াইনঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় এই মামলাটি রুজু করে। মামলা নং- ১১, তারিখ: ০৬/০৭/২০২৬। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত মনছুর আলম (৩৫)-কে আটক করেছে। আটক মনছুর উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবা গত হয়েছেন এবং মা বর্তমানে সৌদি আরবে কর্মরত রয়েছেন। বিগত প্রায় দেড় মাস ধরে শিশুটি তার এক আত্মীয়ের বাড়িতে থেকে লেখাপড়া করে আসছিল। গত ২৫ জুন প্রতিবেশী মনছুর আলম নিজ বাড়িতে মেয়েটিকে জোড়পূর্বক ধর্ষণ করে। ঘটনার পর চরম ভয় ও আতঙ্কে শিশুটি বিষয়টি গোপন রাখে। পরবর্তীতে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের অন্য সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে শিশুটি বিস্তারিত জানালে আত্মীয়-স্বজনরা নিজেদের মধ্যে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক জানান, অভিযোগ পাওয়ার পরপরই মামলাটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে এবং পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে। ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষা (মেডিকেল টেস্ট) ও অন্যান্য আইনগত প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









