‘‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক বিশেষ আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), শাল্লা’র যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাল্লা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পিয়াস চন্দ্র দাস।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, বাহাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন, বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল করিম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, ডাক্তার মুকিতুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কালীপদ দাশ এবং শাল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান খান ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং পরিবেশ সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিটি গ্রামের মা-বোনেরা যেন আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন। সরকারের কাছ থেকে আপনি যে উদ্দেশে ঋণ (যেমন: ৫০ হাজার টাকা) নিচ্ছেন, তা সঠিক বাস্তবায়নের মাধ্যমে যথাসময়ে কিস্তি পরিশোধ করে ফেরত দিলে সরকারের সাথে আপনার একটি সুসম্পর্ক ও বিশ্বস্ততা গড়ে উঠবে। তখন সরকার চিন্তা করবে, আমার এই সদস্য ঋণ নিয়ে সফলভাবে স্বাবলম্বী হয়েছেন। ফলে পরবর্তীতে সদস্যদের কর্মসংস্থানের পরিধি আরও বাড়াতে এবং সুবিধা নিশ্চিত করতে সরকার ঋণের পরিমাণ আরও বাড়িয়ে দেবে। এছাড়াও টেকসই পল্লী উন্নয়নে প্রশাসন ও বিআরডিবি’র নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
আলোচনা সভা শেষে উপস্থিত সুবিধাভোগী ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









