নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম মাসদাইরে ছিনতাইকারী আখ্যা দিয়ে বাসা থেকে ডেকে নিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে মো. সিজান নামে এক যুবককে হত্যার ঘটনায় মামলা করেছেন নিহতের মা শিল্পী বেগম। মামলায় স্থানীয় মসজিদের ইমাম ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী ওলামা দলের নেতাসহ ২১ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে ফতুল্লা মডেল থানায় এ হত্যা মামলাটি রেকর্ড করা হয় বলে জানান ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম।
তিনি বলেন, “মরদেহ দাফনের পর নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি। আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।”
মামলার এজাহারনামীয় আসামির হলেন, পশ্চিম মাসদাইরের আল ফালাহ জামে মসজিদের ইমাম ও খেলাফত মজলিসের সদর থানা শাখার সাবেক সহ-সভাপতি মুফতি কাউছার আহাম্মেদ কাসেমী (৪০), জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুল গনি (৫০), জাতীয়তাবাদী ওলামা দলের ফতুল্লা থানার আহ্বায়ক জিলানী ফকির (৫৫), একই এলাকার বাসিন্দা আজহার রাজমিস্ত্রী (৫৫), সাইদুল (৪২) ও আলম (৩৮)।
তারা ছাড়াও অজ্ঞাত আরো ১৪ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে মামলায়।
মামলার এজাহারে বাদী লিখেছেন, নিহত সিজান তার ছোট ছেলে। সে অসৎ সঙ্গে বিপথে গেলেও পরিবারের লোকজন তাকে ওইসব কর্মকাণ্ড থেকে ফিরিয়ে এনেছিল। এজন্য তাকে তাবলীগেও পাঠানো হয়েছিল। ভালো দিকে ফিরে সিজান তার বড়ভাইয়ের কাঁচামালের ব্যবসাতেও সহযোগিতা করছিল।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, সিজানকে ছিনতাইকারী আখ্যা দিয়ে ধরে আনে স্থানীয় কয়েকজন ব্যক্তি। পরে তারা সিজান ও অনিককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে কয়েকজন মিলে বেধরক পেটায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









