সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) আওতাধীন কাজিরবাজার মৎস্য ও তরকারি বাজারের ইজারা আপাতত স্থগিত করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে বাজার পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
সিসিক প্রশাসক বলেন, হাটের ইজারা নিয়ে আমরা তড়িঘড়ি করতে চাই না। সকল নথিপত্র এবং আইনি দিক যাচাই-বাছাই শেষে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। পরিদর্শন শেষে তিনি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাজারের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। তিনি ব্যবসায়ীদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দ্রুত আলোচনায় বসার আহ্বান জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাজিরবাজার মৎস্য ও তরকারি বাজারটি মূলত জেলা প্রশাসনের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত একটি বাজার। প্রচলিত আইন অনুযায়ী, সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত ১ নম্বর খাস খতিয়ানভুক্ত বাজারগুলোর ব্যবস্থাপনার দায়িত্ব সিটি কর্পোরেশনের ওপর ন্যস্ত থাকে। সেই ধারাবাহিকতায় সরকারি বিধি-বিধান অনুসরণ করে ১৪৩৩ বাংলা সনের জন্য বাজারটি ইজারা প্রদান করা হয়।
পহেলা বৈশাখ থেকে ইজারাগ্রহীতার কাছে বাজারের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তরও করেছে সিসিক কর্তৃপক্ষ। তবে এই বাজারের একাংশের মৎস্য আড়ৎদাররা বাজার ইজারা সংক্রান্ত বিষয়ে আপত্তি জানান।
বাজার পরিদর্শন ও মতবিনিময়কালে সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেবসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









