পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল বালাবাড়ি এলাকার দীর্ঘদিনের ভাঙা কালভার্টটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তারের উদ্যোগে সংস্কার করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) কালভার্ট-এর সংস্কারকাজ পরিদর্শন করেন ইউএনও।
সম্প্রতি ভারি বৃষ্টিতে কালভার্টটি ভেঙে যাওয়ায় শিক্ষার্থী, অভিভাবকসহ দুই ওয়ার্ডের শত শত মানুষ চরম দুর্ভোগের মধ্যে চলাচল করছিলেন। ভাঙা কালভার্টে স্কুল ছাত্র ঝুলে থাকা ছবি স্থানীয়রা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করার পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। মাত্র তিন দিনের মধ্যেই উপজেলা প্রশাসনের উদ্যোগে দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করে কালভার্টটি জনসাধারণের চলাচলের উপযোগী করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কালভার্টটি সংস্কারের ফলে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়েছে। তারা দ্রুত সেখানে একটি স্থায়ী আরসিসি কালভার্ট নির্মাণের দাবি জানান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘‘ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। এরপর ইউএনওর নির্দেশনায় দ্রুত ১২ ফুট দৈর্ঘ্যের কালভার্টটি সংস্কার করা হয়েছে, যাতে এলাকাবাসীর চলাচলে আর কোনো সমস্যা না থাকে।’’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার বলেন, ‘‘স্থানীয় মানুষের দুর্ভোগের বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। আপাতত যাতায়াত স্বাভাবিক রাখতে কালভার্টটি সংস্কার করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে সেখানে একটি টেকসই আরসিসি কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









