নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে খাতা, কলম ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিজস্ব অর্থায়নে এ উদ্যোগ নেন কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজ মিয়া।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে কাঞ্চন পৌরসভার বিভিন্ন এলাকার নয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ, কাঞ্চন পৌর যুবদলের ১ নম্বর সদস্য মো. হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল, কবির হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় সবুজ মিয়া বলেন, ‘‘শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের পড়াশোনার পথে সামান্য সহযোগিতাও মূল্যবান। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা নিজ নিজ অবস্থান থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে অনেক মেধাবী শিক্ষার্থী তাদের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যেতে পারবে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’’
স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, অনেক নিম্ন আয়ের পরিবারের জন্য শিক্ষা উপকরণ সংগ্রহ করাও কঠিন হয়ে পড়েছে। এমন উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি অভিভাবকদেরও স্বস্তি দেয়। তারা ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









