টাঙ্গাইলে নারীকে ধর্ষণের দায়ে ২ জনকে যাবজ্জীবন ও একজনকে ১৫ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আ.ন.ম ইলিয়াছ এই আদেশ দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কামারিয়া গ্রামের মৃত মুকছেদ আলীর ছেলে শফিকুল ইসলাম শফি এবং ময়েজ উদ্দিনের ছেলে সামছুল হক সামছু। একই সঙ্গে তাদের ২ জনকেই ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অপর আসামী আব্দুর রহিমকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আব্দুর রহিম জামালপুর জেলার সদর উপজেলার কটার বাড়ি গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
রায় ঘোষণার পর তিন আসামীকে টাঙ্গাইল জেলা কারাগারে প্রেরণ করা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সরকারী কৌশুলী (পিপি) ওমরাও খান দীপু জানান, জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ গ্রামের এক নারীকে দন্ডিতরা ২০২৩ সালের ২২ জুন টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের দোখলা এলাকার ইয়াদ আলীর চালা নামকস্থানে বনের ভিতর একটি টঙয়ের সেচপাম্প ঘরে নিয়ে রাতভর ধর্ষণ করে। পরে ওই নারী বাদী হয়ে ঘটনার ৪ দিন পর ২৬ জুন মধুপুর থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার আদালতে ৩ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। আদালত বিগত ২০২৩ সালের ২৪ ডিসেম্বর আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ মামলায় ৭ জনের স্বাক্ষী গ্রহণ করা হয়।
উল্লেখ্য, রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সরকারী কৌশুলী (পিপি) ওমরাও খান দীপু এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন শাহান শাহ সিদ্দিকী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









