জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, “আমরা জনসভায় কথা বলতে গেলে ককটেল ফুটানো হয়, বোমা মারানো হয়। এই একদলীয় শাসন যদি আবার শুরু করার কথা কেউ ভাবে তাহলে আওয়ামী লীগের পরিণতির কথা আপনারা ভাববেন।”
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলা তালতলা চত্তরে জুলাই পথযাত্রা ও পথসভায় বক্তব্যের সময় নাহিদ ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, “আওয়ামী লীগ ১৬ বছরে একদলীয় শাসন করে দিল্লিতে হেলিকপ্টার নিয়ে পালাতে হয়েছিল। এখন তারা নিষিদ্ধ টাকা দিয়ে কয়েকটা মিছিল করে। বাংলাদেশে অস্থীতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। সেই আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো।”
নাহিদ ইসলাম বলেন, “আমরা পরিবর্তনের জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। একদলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য বাংলাদেশের ছাত্রজনতা রক্ত দেয় নাই। ফলে আপনারা ভয় পাবেন না। বিগত সময় একটা দলের শাসন ছিল। আর কোন দল কথা বলতে পারতো না। কথা বললেই জেলে নিয়ে যাওয়া হতো। গুম করা হতো, হয়রানি করা হতো।”
নাহিদ ইসলাম আরো বলেন, “আমরা দেখছি বাংলাদেশকে আবারও সেবার একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এক ক্ষমতাসীন দল, সরকারি দল শুধু তারাই কথা বলবে। অন্য দলকে কথা বলতে দেওয়া হবে না। সংসদে আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না।”
পথসভায় জাতীয় নাগরিক পার্টি মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









