কক্সবাজারের উখিয়ায় টানা বৃষ্টির মধ্যে মাটির ঘরের দেয়াল ধসে মো. মালেক (৪০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেল তিনটার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম হলদিয়ার জামবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মালেক উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম হলদিয়ার জামবাগান এলাকার ছৈয়দুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক দিনের টানা বর্ষণে মো. এখলাসের বাড়ির একটি মাটির ঘরের দেয়াল হঠাৎ ধসে পড়ে। এ সময় সেখানে অবস্থান করছিলেন মো. মালেক। দেয়ালের নিচে চাপা পড়লে স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উখিয়া থানা পুলিশের একটি দল খবর পেয়ে হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, "মাটির ঘরের দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
স্থানীয়রা জানান, কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় মাটির তৈরি ঘরগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যেকোনো সময় আরও দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তারা ভারী বৃষ্টির সময় ঝুঁকিপূর্ণ মাটির ঘরে না থাকার এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









