নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে এক বৃদ্ধা পরিচ্ছন্ন কর্মীকে মারধর করে তার দীর্ঘদিনের সঞ্চিত টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একদল মাদকসেবীর বিরুদ্ধে। এই বর্বরোচিত ঘটনার খবর পেয়ে আহত ওই বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শিরিন সুলতানা।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মেথিকান্দা রেলস্টেশনের ওই অসহায় বৃদ্ধা পরিচ্ছন্ন কর্মীর ওপর মাদকসেবীরা হামলা চালায় এবং তার সঞ্চিত সব টাকা ছিনিয়ে নেয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসার পরপরই অ্যাডভোকেট শিরিন সুলতানা এমপি দ্রুত আহত বৃদ্ধার খোঁজখবর নেওয়ার উদ্যোগ নেন। তাঁর পক্ষ থেকে খাবার, ফলমূল ও প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিয়ে মেথিকান্দা রেলস্টেশনে ছুটে যান স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমন বলেন, "বৃদ্ধা পরিচ্ছন্ন কর্মীর পাশে দাঁড়িয়ে অ্যাডভোকেট শিরিন সুলতানা যে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি তাঁর এই সহানুভূতি আমাদের অনুপ্রাণিত করে। দল-মত নির্বিশেষে সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতৃবৃন্দের উচিত এই মানবিক উদ্যোগ থেকে শিক্ষা নিয়ে সাধারণ মানুষের সেবায় এগিয়ে আসা।" একই সাথে তিনি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
মেথিকান্দা রেল স্টেশনের মাস্টার জনাব জসিম উদ্দিন অসহায় এই পরিচ্ছন্ন কর্মীর পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
সহায়তা হস্তান্তরের সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নরসিংদী শহর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান উজ্জ্বল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আল নাহিয়ান চৌধুরী মনির, আনিছুজ্জামান হিমেল ও আবু সুফিয়ান নাঈম, রায়পুরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক টিপু, বিএনপি নেতা মামুন, যুবনেতা মাসুমসহ দলীয় সর্বস্তরের নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









