কুমিল্লায় বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে আর্জেন্টিনা সমর্থকদের হামলায় মো. শরিফুল ইসলাম (৩২) নামে এক ব্রাজিল সমর্থক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুকুরপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে চলমান বিশ্বকাপ ফুটবলের খেলা দেখাকে কেন্দ্র করে স্থানীয় আর্জেন্টিনা সমর্থক বাবু ও মাইন উদ্দিন মালুর সাথে ব্রাজিল সমর্থক শরিফুল ইসলামের তীব্র কথা কাটাকাটি হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে বাবু ও মালু ক্ষিপ্ত হয়ে শরিফুলের ওপর চড়াও হন এবং তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। হামলায় শরিফুল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, "খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









