সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য এম. এনামুল হক মারা গেছেন। রবিবার (৩০ আগস্ট) ভোরে তার মৃত্যু হয়।
বিএনপির মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে তার মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে। পোস্টে বলা হয়, এম. এনামুল হক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের বড় চাচা। তার মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
এম. এনামুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নিযুক্ত হন।
এ ছাড়া ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ আইন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এম. এনামুল হক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









