নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে ১ হাজার ১০৭ বোতল ভারতীয় মাদক ‘এস্কাফ’ জব্দ করেছে পুলিশ। এ সময় মারুফ নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে রূপগঞ্জ থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন।
তিনি বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ‘এস্কাফ’ এনে মুড়াপাড়া, মাছিমপুর ও দড়িকান্দিসহ বিভিন্ন এলাকায় সরবরাহের প্রস্তুতি চলছে। এরপর ওই এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়।’’
ওসি জানান, মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে মুড়াপাড়া এলাকায় একটি পাথরবোঝাই ট্রাক থেকে বস্তাভর্তি মালামাল একটি সিএনজিতে নামানোর সময় পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫ থেকে ৬ জন পালিয়ে গেলেও মারুফ নামে একজনকে আটক করা হয়। পরে ট্রাকে থাকা চারটি এবং সিএনজিতে থাকা দুটি বস্তা থেকে মোট ১ হাজার ১০৭ বোতল ভারতীয় ‘এস্কাফ’ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হচ্ছে এবং পালিয়ে যাওয়া অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই দিনে পৃথক অভিযানে এক মাদকসেবনকারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ওসি সালাউদ্দিন বলেন, ‘‘রূপগঞ্জকে মাদকমুক্ত করতে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









