ভোলার সদর উপজেলার খেয়াঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনার সময় সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় ড্রাইভার ও হেল্পারের মুচলেকা নিয়ে কাভার্ড ভ্যানসহ তাদের ছেড়ে দেওয়া হয়।
মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অপরদিকে, ভোলার লালমোহন থানাধীন বদরপুর ধূমকেতু আবাসন সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় সন্দেহজনক ৩ টি গুদাম তল্লাশি করে প্রায় ৫ কোটি ৩ লক্ষ ৩৫ হাজার টাকা মূল্যের ১৪ লক্ষ ৩৮ হাজার ১৪২ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ দক্ষিণ জন মিডিয়া কর্মকর্তা লে. মো. সালমান বিন শওকত। জব্দকৃত পলিথিন ভোলা পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর এবং জব্দকৃত কারেন্ট জাল ভোলা জেলা মৎস্য কর্মকর্তার সমন্বয়ে বিনষ্ট করা হয়।
পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









