সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রাম এলাকায় চীনা মালিকানাধীন হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি (বিডি) লিমিটেডের শ্রমিকরা আবারও বিক্ষোভ করেছেন। একপর্যায়ে তারা ঢাকা–পাটুরিয়া মহাসড়ক অবরোধ করলে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে প্রশাসনের সঙ্গে আলোচনার পর দুপুরে অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বুধবার সকালে শ্রমিকেরা কারখানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে।
শ্রমিকদের অভিযোগ, গত ৭ এপ্রিল প্রকাশিত সরকারি গেজেটে নির্ধারিত ন্যূনতম মজুরি কার্যকরের আশ্বাস দেওয়া হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। একই সঙ্গে তাদের উত্থাপিত ছয় দফা দাবিরও কোনো অগ্রগতি নেই। এ কারণে তারা আবারও আন্দোলনে নেমেছেন।
কারখানার সুপারভাইজার নাজমুল হোসেন বলেন, ‘‘বেলা ১১টার দিকে স্থানীয় প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ১০ জন প্রতিনিধিকে আলোচনায় ডাকে। সেখানে ভবিষ্যতে আন্দোলন হলে তাদের বিরুদ্ধে মামলা করার কথা বলা হয়।’’
শ্রমিকদের পক্ষ থেকে সব শ্রমিককে নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও তা গ্রহণ করা হয়নি। পরে ওই ১০ জনসহ মোট ১৮ জন পদত্যাগ করেন। তাদের দাবি, ন্যায্য মজুরি ও বকেয়া বেতন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এর আগে গত ২০ জুন একই দাবিতে আন্দোলনের সময় শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের সংঘর্ষ হয়। পরে স্থানীয় প্রশাসন ও কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সে সময় সরকারি গেজেট অনুযায়ী বেতন-ভাতা কার্যকর করার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় শ্রমিকেরা আবারও আন্দোলনে নেমেছেন। দুপুরে তারা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









