আইনি সহায়তা নিতে চরফ্যাশন উপজেলার শতশত বিচারপ্রার্থী প্রতিদিন আদালত প্রাঙ্গণে আসেন। কিন্তু উপজেলার অতিরিক্ত চৌকি আদালত প্রাঙ্গণ সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ে। এতে সেবা নিতে আসা বিচারপ্রার্থী, আদালতের কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। আদালত প্রাঙ্গণে হেঁটে চলাচল কিংবা দাঁড়িয়ে থাকারও সুযোগ থাকে না। দ্রুত সময়ের মধ্যে এই জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সেবাপ্রার্থীরা।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে সরেজমিনে গিয়ে আদালত প্রাঙ্গণে এমন দুর্ভোগের চিত্র দেখা গেছে। এ সময় সেবা নিতে আসা কয়েকজনের সঙ্গে কথা হলে তাঁরা নিজেদের ভোগান্তির কথা জানান।
চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আতিকুর রহমান শিবলু মামলার কাজে আদালতে এসে বলেন, “মামলার কাজে এসে দেখি আদালতের সামনে প্রায় হাঁটুসমান পানি জমে আছে। বৃষ্টি হলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। আদালতের সামনে এখন দাঁড়ানোরও সুযোগ নেই।”
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) হযরত আলী হিরণ বলেন, “অল্প বৃষ্টিতেই আদালতের সামনের সড়ক ও প্রবেশপথে পানি জমে চলাচল ব্যাহত হচ্ছে। ফলে বিচারপ্রার্থীদের জমে থাকা পানি মাড়িয়ে আদালতে প্রবেশ করতে হচ্ছে। এ ছাড়া আদালতের আশপাশে বিভিন্ন বাড়িঘর ও বহুতল ভবন নির্মাণ হলেও পর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থা নেই। জলাবদ্ধতার এটিও একটি অন্যতম কারণ। আমরা জরুরি ভিত্তিতে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতার কিছু কাজ করেছি। তবে এ বিষয়ে উপজেলা পরিষদ ও পৌরসভার কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাইনি। দ্রুত সংশ্লিষ্টদের উদ্যোগে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা জরুরি।”
চরফ্যাশন আদালত আইনজীবী সমিতির সভাপতি রমিজ উদ্দিন বলেন, “এটি দীর্ঘদিনের সমস্যা। আদালতে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ আসেন। তাদের দুর্ভোগ লাঘবে স্থায়ীভাবে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এখন সময়ের দাবি। উপজেলা পরিষদ ও পৌরসভার সহযোগিতায় দ্রুত এ সমস্যার সমাধান চাই।”
স্থানীয়দের মতে, আদালতের মতো একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠানের সামনে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা বিরাজ করা অত্যন্ত দুঃখজনক। দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে বর্ষা মৌসুমে এই জনদুর্ভোগ আরও বাড়বে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, “জলাবদ্ধতার বিষয়টি আমাদের নজরে আছে। ইতোমধ্যে ৪৬ লাখ টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। ড্রেনেজ নির্মাণের কাজ কিছু দিনের মধ্যেই শুরু হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









