টানা সাত দিনের ভারী বর্ষণে পটুয়াখালীর দশমিনা উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অব্যাহত বৃষ্টিতে রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। অনেক এলাকায় বাড়িঘরের আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
উপজেলার বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি জমে যাওয়ায় মানুষকে নিত্যপ্রয়োজনীয় কাজে বের হতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের দুর্ভোগ আরও বেড়েছে। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ছাড়া নিম্নাঞ্চলের কৃষিজমি পানিতে তলিয়ে যাওয়ায় আমনসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রেড ক্রিসেন্টের সমন্বয়কারী ও সিপিপির (ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি) মাস্টার ট্রেনার জনাব রায়হান বাদল বলেন, “ভারী বর্ষণে সাধারণত পাহাড়ি এলাকায় ধস নামে। তবে আমাদের এই উপকূলীয় এলাকায় ফসলি জমি প্লাবিত হওয়ায় কৃষকের চরম ক্ষতি হয়ে গেল। কৃষকেরা এখন বীজ বপন করতে পারছেন না। মূলত পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেন বা কোনো স্থায়ী ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে।”
স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া ও জলাবদ্ধ এলাকায় সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









