ময়মনসিংহে আর অপরিকল্পিত নগরায়ণ হবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় ঘরের মেঝেতে সৃষ্ট জলাবদ্ধতার পানিতে পড়ে ৮ মাস বয়সি শিশু আয়াসের মৃত্যুর ঘটনায় পরিবারের সঙ্গে স্বাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
চেয়ারম্যান বলেন, ‘‘আর অপরিকল্পিত নগরী তৈরী হবে না। ইতোমধ্যে উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে মাস্টারপ্ল্যান তৈরির সভা হয়েছে, আমরা কাজ শুরু করেছি। এই মাস্টারপ্ল্যান অনুযায়ী নগরীর প্রত্যেকটি ড্রেনেজ সিস্টেম, খাল খনন এবং ভবন নির্মাণ মাস্টারপ্ল্যানের আওতায় থাকবে। এর মধ্যদিয়ে আমরা ময়মনসিংহকে একটি অত্যাধুনিক নগরী হিসাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছি।’’
এ সময় শিশু আয়াসের মৃত্যুর ঘটনাটি দুঃখজনক এবং মর্মান্তিক উল্লেখ করে তিনি বলেন, ‘‘আমাদের সবচেয়ে প্রিয় জিনিস সন্তান। সেই সন্তান যদি ঘরের মেঝেতে জলাবদ্ধতার পানিতে ডুবে মারা যায়, এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা আর কী হতে পারে? এজন্য আমরা পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানাতে এসেছি। আমরা এই পরিবারটির পাশে থাকবো এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্য অব্যাহত রাখবো। আমরা জনগণের পাশে আছি এবং থাকবো। কোন বিষয়ে জনগণের যেন দুর্ভোগ না হয়, সেদিকে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে।’’
অপরিকল্পিত নগারায়ণের জন্য আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে মোতাহার তালুকদার আরও বলেন, ‘‘বিগত ১৭ বছরে যারা এই সিটি করপোরেশনের দায়িত্বে ছিল, তারা মাস্টারপ্ল্যানের কোন উদ্যোগ নেয় নাই। শুধুমাত্র তারা লোক দেখানো উন্নয়ন দেখিয়েছে। কিন্তু বাস্তবে ড্রেনেজ সিস্টেম ও খাল খনন, এসব কাজে তারা হাত দেয় নাই। তারা ড্রেন বা খালের গভীরতা তৈরি করে নাই। এ কারণে সামান্য বৃষ্টি হলে ময়মনসিংহ শহর পানিতে ভেসে যায়। শিশু আয়াসের মৃত্যুর ঘটনাটি এর জ্বলন্ত দৃষ্টান্ত।’’
এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন, বিএনপি নেতা হাবিবুল্লাহ ডালিম, বাহার উদ্দিন, কৃষকদল নেতা হীরা, যুবদল নেতা, আরমান, মামুনসহ শিশু আয়াসের পরিবারের সদস্যরা।
এর আগে গতকাল বুধবার (৮ জুলাই) সকালে ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় ভারি বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ঘরের মেঝেতে পানিতে পড়ে মারা যায় ৮ মাস বয়সি শিশু আয়াস।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









