মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি এলাকার কানুনগো বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৩৮ কেজি পিরানহা মাছ জব্দ করে বিধি অনুযায়ী মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। মামলার প্রসিকিউশন পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারা লঙ্ঘন করে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার ইজ্জতপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মতিউর রহমান (২১)-কে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানকালে জব্দ করা ৩৮ কেজি পিরানহা মাছ বিধি অনুযায়ী মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল বলেন, ‘পিরানহা একটি নিষিদ্ধ মাছ। এ মাছের উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও বাজারজাতকরণ আইনত দণ্ডনীয় অপরাধ। দেশীয় মাছের জীববৈচিত্র্য ও জলজ পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। নিষিদ্ধ মাছের চাষ, বিক্রি বা পরিবহনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘অভিযানের পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে কেউ ভবিষ্যতে নিষিদ্ধ মাছের ব্যবসার সঙ্গে জড়িত না হন।’
অভিযান চলাকালে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজনকে নিষিদ্ধ মাছ ও মাছের পোনা ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি এ-সংক্রান্ত আইনের বিধান সম্পর্কেও তাঁদের অবহিত করা হয়।
দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









