দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এরআগে, ৬ জুলাই রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এক প্রজ্ঞাপনের আদেশে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেনকে ঠাকুরগাঁও জেলার নবগঠিত ভূল্লী উপজেলায় বদলি করা হয়। এই খবর পার্বতীপুরে ছড়িয়ে পড়ার পরপরই সাধারণ নাগরিক ও সুধী সমাজের মাঝে তীব্র অসন্তোষ দেখা দেয়।
মানববন্ধনে স্থানীয় সচেতন মহল এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, ইউএনও মো. সাদ্দাম হোসেন পার্বতীপুরে যোগদানের পর থেকেই অত্যন্ত সততা, নিষ্ঠা এবং দক্ষতার সাথে তাঁর দায়িত্ব পালন করে আসছিলেন। সাধারণ মানুষের যেকোনো সমস্যা সমাধানে তিনি ছিলেন সদা তৎপর। বিশেষ করে উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। পার্বতীপুরের মতো একটি বড় এবং গুরুত্বপূর্ণ উপজেলায় যখন একজন সৎ ও কর্মঠ কর্মকর্তা সাধারণ মানুষের মন জয় করে কাজ করছেন, ঠিক তখনই তাকে আকস্মিকভাবে বদলি করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই বদলি পার্বতীপুরের চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করবে।
বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি এই জনস্বার্থবিরোধী বদলির আদেশ প্রত্যাহার করা না হয়, তাহলে, পার্বতীপুরের সাধারণ জনগণকে সাথে নিয়ে আরও কঠোর ও লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে একটি স্মারকলিপি দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









