চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার কলেজ গেইট এলাকাটি ঝুকিপূর্ণ হয়ে উঠেছে। মহাসড়কের উপর ছোট ছোট গর্তে পরিণত হওয়ায় সড়কটি বিপদজনক হয়ে উঠেছে। বর্তমানে এই স্থানটি যানচলাচলের জন্য এক চরম ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। প্রতিদিন এই রুটে চলাচলকারী হাজারো যানবাহন ও যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা ও চালকেরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চন্দনাইশের কলেজ গেইট এলাকা থেকে মহাসড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে এক বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। গত ৪ দিনের টানা বৃষ্টিপাত এবং অতিরিক্ত পণ্যবাহী ভারী যানবাহন চলাচলের কারণে গর্তটি ক্রমান্বয়ে আরও বড় ও গভীর রূপ ধারণ করছে। বৃষ্টির পানি জমে থাকায় গর্তের গভীরতা বুঝতে না পেরে প্রতিনিয়ত ছোট-বড় যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে।
স্থানীয় দূরপাল্লার এক বাস চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, চট্টগ্রাম- কক্সবাজার রুটে প্রতিনিয়ত শত শত পর্যটক ও সাধারণ মানুষ যাতায়াত করেন। মহাসড়কের চন্দনাইশ অংশের এই গর্তটির কারণে গাড়ি চালাতে গিয়ে জান হাতে নিয়ে চলতে হয়। দূর থেকে গর্তটি হুট করে চোখে পড়ে না, হঠাৎ ব্রেক করতে গিয়ে পেছনের গাড়ি এসে ধাক্কা মারে।
তিনি আরও জানান, সিএনজি ও মোটরসাইকেল আরোহীদের জন্য এই স্থানটি আরও বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। রাতে পর্যাপ্ত সড়ক বাতির অভাব থাকায় এই মরণফাঁদ আরও বেশি প্রাণঘাতী হয়ে উঠছে বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী পিন্টু চাকমা জানান, দ্রুত সময়ের মধ্যেই মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো চিহ্নিত করে স্থায়ী মেরামতের ব্যবস্থা নেওয়া হবে। তবে সাধারণ মানুষের দাবি, আর কোনো দুর্ঘটনা ঘটার আগেই যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









