বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মো. আসাদুলের (১৬) মরদেহ তিনদিন পর সৈকত থেকেই উদ্ধার করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় অতিরিক্ত পানির স্রোতে ভেসে গিয়ে সাগরে ডুবে ওই পর্যটক নিখোঁজ হয়েছিলেন।
শুক্রবার (১০ জুলাই) সকাল ১০ টার দিকে শুভসন্ধ্যা সমুদ্র সৈকত থেকে ১ কিলোমিটার দক্ষিণে নিদ্রার চর সংলগ্ন এলাকা থেকে পর্যটকের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ, থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সমবয়সী আরও চার বন্ধুকে নিয়ে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুরতে যান আসাদুল। পরে তারা সমুদ্রে গোসল করতে নামলে নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগরের প্রবল ঢেউ ও তীব্র স্রোতে সবাই ভেসে যান। এসময় স্থানীয়দের সহযোগিতায় চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও আসাদুল নিখোঁজ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালায়। পরে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দলও ঘটনাস্থলে এসে দীর্ঘ সময় বিভিন্ন এলাকায় তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনদিন পর শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা নিদ্রার চর সংলগ্ন এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে তালতলী থানা পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। উপস্থিত স্বজনরা মরদেহ ও গায়ে থাকা গেঞ্জি দেখে আসাদুলকে শনাক্ত করেন।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছেন। মরদেহ এবং গায়ে থাকা গেঞ্জি দেখে নিখোঁজ আসাদুলকে শনাক্ত করেছে উপস্থিত স্বজনরা। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









