নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনের পরিচ্ছন্নকর্মী ও বাকপ্রতিবন্ধী ববি বেগম (৭০) মৃত্যুর ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) সকাল পর্যন্ত রায়পুরা ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন এলাকায় র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মেথিকান্দা এলাকার সাকিব মিয়া (২৩), ইলিয়াছ মিয়া (৩৫), দ্বীন ইসলাম (২৬), রিফাত মিয়া (২০) ও বিল্লাল মিয়া (২৫)। তাদের মধ্যে দ্বীন ইসলাম ও রিফাতকে নবীনগর থেকে এবং অন্য তিনজনকে রায়পুরার মেথিকান্দা স্টেশনসংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্র জানা যায়, গত ৪ জুলাই মেথিকান্দা রেলস্টেশনের একটি কক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় ববি বেগমের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে মারধর করে দীর্ঘ দিনের জমানো টাকা লুট করে নিয়ে যায়। আহত অবস্থায় চিকিৎসা নেওয়ার পর তাকে স্টেশনে ফিরিয়ে আনা হয়। পরে গত মঙ্গলবার দিবাগত রাতে অসুস্থ হয়ে পড়লে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে বুধবার রাতে জানাজার পর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
পরে এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলার তদন্তে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে র্যাব-১১, রেলওয়ে পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









