ময়মনসিংহের গফরগাঁওয়ে ভাঙা রেললাইনে পাট ও খড় দিয়ে মেরামত করে ট্রেন চলাচল সচল করা হয়েছে। এতে প্রায় ৪০ মিনিট সময় ঢাকা ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।
শুক্রবার (১০ জুলাই ) সকাল ৮টা ৪০ মিনিটে উপজেলার মশাখালী গ্রামের ফকিরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এতে দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের যাত্রা বিঘ্নিত হয়।
স্থানীয় এলাকাবাসী, জিআরপি পুলিশ (রেল পুলিশ) ও রেলওয়ে সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে মশাখালী রেলওয়ে স্টেশন থেকে প্রায় দেড় কিলোমিটার উত্তরে মশাখালী গ্রামের ফকির বাড়ি এলাকায় স্থানীয় লোকজন রেল লাইনে ভাঙা অংশ দেখতে পায়। এ সময় ময়মনসিংহগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন মশাখালী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে এসে ফকিরবাড়ী নামক এলাকা অতিক্রম করছিল।
স্থানীয় লোকজন রেললাইনের পাশে জড়ো হয়ে সংকেত দিয়ে ট্রেনটি থামান। এতে অল্পের জন্য ট্রেনটি দুর্ঘটনা থেকে রক্ষা পায়। খবর পেয়ে রেল বিভাগের কর্মচারীরা গফরগাঁও থেকে এসে পাট ও খড়ের মাধ্যমে জোড়াতালি দিয়ে ভাঙা রেললাইন সাময়িক মেরামত করে ট্রেন চলাচলের উপযোগী করে। পরে আটকে থাকা দেওয়ারগঞ্জ কমিউটার ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বলেন, ‘‘ভাঙা রেললাইনটি স্থায়ীভাবে মেরামতের কাজ চলছে এবং ঢাকা -ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









