টাঙ্গাইলের মেডিনোভা হাসপাতালের বিরুদ্ধে চুক্তির শর্ত ভেঙে ভবন দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভবন মালিক ডা. মো. শাহ আলম।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের থানা পাড়ায় নিজ ভবনে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ডা. শাহ আলম অভিযোগ করে বলেন, ‘‘টাঙ্গাইল মেডিনোভা মেডিকেল সার্ভিস লিমিটেড নামে একটি প্রাইভেট প্রতিষ্ঠানের কাছে ২০ বছরের লিখিত চুক্তিতে ভবনটি ভাড়া দেওয়া হয়। এর মধ্যে প্রায় ১০ বছর অতিবাহিত হয়েছে। কিন্তু গত কয়েক বছরে চুক্তির শর্ত বাস্তবায়ন নিয়ে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের সাথে গুরুতর মতপার্থক্য দেখা দিয়েছে। লিখিত অনুমতি ছাড়াই ভবনের বিভিন্ন অংশে স্থায়ী কাঠামোগত পরিবর্তন করা হয়েছে।’’
ভুক্তভোগী বলেন, ‘‘প্রায় ৪ বছর আগে ভবনের প্রধান সিঁড়ির প্রবেশপথ ইটের দেয়াল দিয়ে বন্ধ করে দেওয়া হয়। চুক্তিতে ৬ষ্ঠ তলা পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও ৬ষ্ঠ ও ৭ম তলার সংযোগস্থলে স্থায়ী দেয়াল নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ৭ম তলা থেকে নিচের তলায় যাতায়াতের কমন প্যাসেজ ও সিঁড়ির পথও বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় ১ বছর আগে ভবনের জরুরি অগ্নি নির্গমন পথ বন্ধ করে দেওয়া হয়।’’
ভুক্তভোগী ডা. শাহ আলম বলেন, ‘‘আমার বিদেশে অবস্থানের সময় নির্ধারিত স্থান থেকে ফার্মেসি কমন স্পেসে স্থানান্তর করা হয়েছে। এতে রোগী, তাদের স্বজন, দর্শনার্থী এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। ট্রলি ও হুইলচেয়ারের জন্য নির্মিত র্যাম্প এখন সাধারণ চলাচলের পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রভাব ভবনের অন্যান্য বৈধ ব্যবহারকারী এবং চিকিৎসাসেবা নিতে আসা মানুষের ওপর পড়ছে।’’
তিনি আরও বলেন, সম্প্রতি এ বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের জন্য বহুবার লিখিত ও মোবাইলে যোগাযোগের উদ্যোগ নেওয়া হলেও কাজ হয়নি বলে জানান তিনি। একটি প্রভাবশালী মহল আমাদের ভবন দখলের চেষ্টা করছে। তাই প্রশাসনের কাছে সুষ্ঠু সমাধান ও আইনানুগ ব্যবস্থা প্রত্যাশা করছেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









