প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘‘দেশ আমাদের সবার। আমরা সবাই বাংলাদেশি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে।’’
শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ধর্মীয় সম্প্রীতি রক্ষার জোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘‘কোনোভাবেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের সুযোগ দেওয়া যাবে না। দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে সজাগ থেকে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।’’
নিজের মন্ত্রণালয় ও ব্যক্তিগত দপ্তরের উদাহরণ টেনে তিনি বলেন, ‘‘সেখানে বিভিন্ন ধর্মের মানুষ দায়িত্ব পালন করছেন। যোগ্যতার ভিত্তিতেই সবাইকে রাষ্ট্র পরিচালনায় কাজ করার সুযোগ দিতে হবে।’’
সম্মেলনে উত্থাপিত বিভিন্ন দাবি-দাওয়া এবং সুনামগঞ্জের সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে মন্ত্রী আশ্বস্ত করে বলেন, ‘‘বিষয়গুলো তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করবেন। প্রয়োজনে স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের সাথেও আলোচনা করা হবে।’’
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, ‘‘সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাস হয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে কিছুটা সময় প্রয়োজন। একইসঙ্গে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে ইরান যুদ্ধের প্রভাবও আমাদের মোকাবিলা করতে হচ্ছে।’’
প্রশাসনে আঞ্চলিক ও ধর্মীয় বৈষম্যের কঠোর সমালোচনা করে আরিফুল হক চৌধুরী বলেন, ‘‘ভিসি, প্রো-ভিসি নিয়োগ বা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে সিলেটসহ দেশের যোগ্য মানুষের প্রতি যে কৃপণতা দেখা যাচ্ছে, তা থেকে বেরিয়ে আসতে হবে। যোগ্যদের প্রাপ্য জায়গা নিশ্চিত করতে হবে।এই বৈষম্য কোনোভাবেই চলতে দেওয়া হবে না।’’
সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়নের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন চন্দ্র ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাসুদেব ধর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জয়ন্ত সেন দীপু, সহ-সভাপতি ড. চন্দ্রনাথ পোদ্দার, সহ-সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা এবং সাংগঠনিক সম্পাদক প্রাণতোষ আচার্য্য শিবু।
এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মদনমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রজত ভট্টাচার্য, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত দেব, সাধারণ সম্পাদক চন্দন দাস, মৌলভীবাজার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মুহিম দে, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলার সভাপতি অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক কৃপেশ পাল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক নকুল চন্দ্র দাস।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









