মৌলভীবাজারে বিশ্বনাথ উপজেলায় আব্দুল আজিজ হত্যার প্রতিবাদে এবং এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের পিছরমুখ এলাকায় ‘বৃহত্তর আমতৈল গ্রামের সর্বস্তরের জনগণ’র ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
আমতৈল দারুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মুফতি ফারুক আহমদের সভাপতিত্বে আমতৈল গ্রামের শিক্ষক মাওলানা আছাব উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, আব্দুল আজিজের মতো একজন মানুষকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় মূল হোতা হিসেবে যাকে আটক করেছে পুলিশ, তিনি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। এই ব্যক্তি এমন ঘটনা ঘটাতে পারেন, এটা আমরা বিশ্বাস করি না। এই নৃশংস হত্যাকাণ্ডের মূল হোতাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, অন্যথায় এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী, উপজেলা বিএনপি নেতা খসরুজ্জামান খসরু, রামপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমএ সাত্তার, সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন, বিএনপি নেতা এনাম শাহ্।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন নিহত আব্দুল আজিজের বড়ভাই আব্দুল হাই। পরে, পরিবারের পক্ষে বক্তব্য রাখেন নিহতের ছোটভাই মাওলানা আব্দুল্লাহ। তিনি প্রশাসনের কাছে তার ভাইয়ের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জোর দাবি জানান।
রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন বলেন, ‘‘আব্দুল আজিজ যে আড়তে কাজ করতেন, সেই আড়তের মালিক নুর ইসলামের কাছে বিদেশ যাওয়ার জন্য টাকা জমা রেখেছিলেন আজিজ। সেই টাকা ফেরত চাওয়াই কাল হয়েছে তার। টাকা নিয়ে বাগবিতণ্ডা করে রাগে বাড়িতে ফিরে এসেছিলেন আজিজ। তাকে নুর ইসলামই কল দিয়ে তার ওখানে নিয়ে যান। পরে নুর ইসলাম ও তার ভাইয়েরা আব্দুল আজিজকে নির্মমভাবে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করে।’’
মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন রামপাশা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নেছার আহমদ, উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য নুর মিয়া মেম্বার, বিএনপি নেতা মধু মিয়া, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেরুজ্জামান, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন রশীদ, বিএনপি নেতা কালন মিয়া, ১ নং ওয়ার্ডের মেম্বার রাকিব আলী, বিএনপি নেতা আতাউর রহমান আলতাই, শায়েখ আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা কাওছার আহমদ, তুবাই আহমদ, বিএনপি নেতা সিরাজ, ছুরত, রফিকুল ইসলাম, সংগঠক শানুর আলী, শ্রমিক নেতা আমিরুল ইসলাম, মোহাম্মদ আলী, জিলাল আহমদ, হুমায়ুন রশীদ প্রমুখ।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম গ্রামের বাসিন্দা সুবাহান হাজীর বাড়ির বাথরুম থেকে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের শামসুল ইসলামের ছেলে আব্দুল আজিজের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওখানে নুর ইসলাম নামের এক ব্যক্তির শুটকির আড়তে চাকুরি করতেন। এ ঘটনায় পুলিশ সোলেমান মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









