লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে তিন নারীকে জোরপূর্বক বাংলাদেশে পুশ ইনের (অনুপ্রবেশ) চেষ্টা চালিয়েছে ভারতের সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক ও দৃঢ় প্রতিরোধের মুখে ভারতীয় বাহিনীর সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনার পর থেকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় টহল জোরদার ও বাড়তি সতর্কতা অবলম্বন করছে বিজিবি।
শনিবার (১১ জুলাই) ভোরে পাটগ্রাম উপজেলার ধবলসূতি বিওপির আন্তর্জাতিক সীমান্ত পিলার ৮৩৩/৯-এস এলাকায় এ ঘটনা ঘটে বলে বিজিবি তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানিয়েছেন।
বিজিবি জানায়, ভারতের ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের খরখড়িয়া ক্যাম্পের সদস্যরা ভারতীয় কাঁটাতারের বেড়ার গেট দিয়ে ওই তিন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে।
বিজিবির কঠোর অবস্থানের কারণে ওই নারীরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। সর্বশেষ তথ্য অনুযায়ী, ওই তিন নারী সীমান্ত পিলার থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।
লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, “বিএসএফের সংশ্লিষ্ট ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে পুশইনের চেষ্টাকৃত ব্যক্তিদের দ্রুত ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।”
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিজিবির টহল তৎপরতা জোরদার করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









