ঝালকাঠির নলছিটিতে পারিবারিক কলহের জেরে ৫ বছরের কন্যাসন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক মা। তবে স্থানীয় লোকজনের তাৎক্ষণিক তৎপরতায় নদী থেকে মা ও শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া নারীর নাম লাকি আক্তার। তিনি নলছিটি শহরের আদম আলীর ছেলে সাইদুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে লাকি আক্তার তার ৫ বছরের কন্যাসন্তানকে নিয়ে নলছিটি ফেরিঘাট এলাকা থেকে হঠাৎ সুগন্ধা নদীতে ঝাঁপ দেন। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত নদীতে নেমে উদ্ধার অভিযান চালান। পরে নদী থেকে মা ও শিশুকে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে মা ও শিশু দুজনেই নিরাপদ রয়েছেন।
ভুক্তভোগী লাকি আক্তার জানান, বিয়ের পর থেকেই স্বামীর সাথে তার পারিবারিক কলহ লেগে থাকত। যার জেরে কিছুদিন আগে তিনি স্বামীকে ডিভোর্স দেন। কিন্তু এরপর থেকেই তার কন্যাসন্তানকে নিজের কাছে নেওয়ার জন্য সাবেক স্বামী বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকেন। সন্তানকে হারানোর ভয় ও তীব্র মানসিক হতাশা থেকেই তিনি নদী ঝাঁপ দেওয়ার এই সিদ্ধান্ত নেন। তবে এ বিষয়ে সাইদুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মা ও শিশু বর্তমানে সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে পরিস্থিতি বিবেচনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









