আসন্ন রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বাংলাদেশের অন্যতম ঐতিহ্য। রথযাত্রা উৎসবকে ঘিরে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
শনিবার (১১ জুলাই) হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে প্রতিনিধি ও আয়োজকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন। গুজবে কান না দিয়ে যেকোনো তথ্য বা সন্দেহজনক ঘটনা দ্রুত পুলিশকে জানাতে হবে। রথযাত্রার শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সভায় রথযাত্রাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শোভাযাত্রার নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব এবং সংশ্লিষ্ট সকলের পারস্পরিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ ও আয়োজক কমিটির প্রতিনিধিরা রথযাত্রা উপলক্ষে বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের নেওয়া উদ্যোগের প্রশংসা করেন।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণু পদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস ও তিলোত্তমা দাস, সিদ্ধিরগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, গোপাল জিউর মন্দিরের সভাপতি পরিতোষ কান্তি সাহা, বলদেব জিউর মন্দিরের সভাপতি জয় কে চৌধুরী বাপ্পিসহ বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠন ও ইসকনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









