সারাদেশের মতো পাবনার বেড়া উপজেলাতেও কয়েকদিনের টানা ভারী বর্ষণে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ চরম বিপাকে পড়েছেন। বৈরী আবহাওয়ার কারণে দিনমজুর ও কৃষিশ্রমিকরা পুরোপুরি বেকার হয়ে পড়েছেন। ফলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন চরাঞ্চলসহ উপজেলার হাজারো শ্রমজীবী মানুষ।
টানা বৃষ্টির কারণে স্থানীয় হাটবাজারগুলোতে মালামাল আমদানি-রপ্তানি প্রায় বন্ধ রয়েছে। ফলে বাজারগুলোতে লোকসমাগম নেই বললেই চলে। পেটের দায়ে অনেকে বৃষ্টি উপেক্ষা করে কাজের সন্ধানে বের হলেও কাজ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরছেন।
চর নাকালিয়া গ্রামের দিনমজুর আলাল উদ্দিন জানান, গত পাঁচদিন ধরে কোনো কাজ করতে পারছেন না তিনি। রোববার সকালে নাকালিয়া ঘাটে কুলির কাজ করার আশায় এলেও বৃষ্টির কারণে মালামালবাহী নৌকা না থাকায় কাজ পাননি। বাধ্য হয়ে খালি হাতেই তাকে বাড়ি ফিরে যেতে হয়েছে।
ভ্যানচালক মোজাম্মেল বলেন, "বৃষ্টির দিনে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হয় না। পেটের তাড়নায় পলিথিন মাথায় দিয়ে বের হলেও গত কয়েকদিনের লঘুচাপের কারণে রাস্তাঘাটে মানুষ নেই। ফলে অনেক ভ্যানচালক নিরুপায় হয়ে বাড়িতে বসে আছেন।"
চর নাগদাহ গ্রামের কৃষক ও স্থানীয় ইউপি সদস্য জাহিদ মোল্লা বলেন, "চরাঞ্চলের মানুষের বারো মাসই দুর্ভোগ থাকে। তবে এবারের ভারী বর্ষণ কৃষকদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। চরাঞ্চলের সদ্য কেটে জাগ দেওয়া সমস্ত তিল কয়েকদিনের বৈরী আবহাওয়ায় পচে নষ্ট হয়ে গেছে। এতে আর্থিকভাবে বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন নিম্ন আয়ের কৃষকরা।"
তিনি আরও জানান, শুধু স্থানীয় মানুষই নয়, ঢাকা ও আশেপাশের জেলা শহরে কর্মরত চরাঞ্চলের অনেক কর্মজীবী মানুষও এই বৈরী আবহাওয়ার কারণে কর্মস্থলে ফিরতে না পেরে গৃহবন্দী অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









