সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যে যাওয়ার সময় মাকসুদা চৌধুরী (৫৬) নামে এক প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১২ জুলাই) সকালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি যুক্তরাজ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।
গ্রেপ্তার মাকসুদা চৌধুরী মৌলভীবাজার সদর উপজেলার রাউতগাঁও গ্রামের শাহ মো. ছালেক হোসেনের স্ত্রী। তিনি সিলেট কোতোয়ালি মডেল থানায় দায়ের করা একটি প্রতারণা মামলার এজাহারভুক্ত আসামি।
বিমানবন্দর সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে মাকসুদা চৌধুরী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-২০১’ ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশে ইমিগ্রেশন সম্পন্ন করতে যান। এ সময় ইমিগ্রেশন পুলিশের ডাটাবেজে তার বিরুদ্ধে আদালতের জারি করা বিদেশযাত্রার নিষেধাজ্ঞা সংক্রান্ত তথ্য ভেসে ওঠে। পরে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, ওই নারী একটি প্রতারণা মামলার আসামি। আদালতের নির্দেশ অনুযায়ী তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন পুলিশ তাকে আটকের পর কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









