দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫৮ জনে। একই সময়ে নতুন করে ৯৬৯ জন শিশু হামে বা হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
রবিবার (১২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৬৪ শিশু এবং পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৪ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৯০ শিশু। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৮৭৯ জন।
এ সময়ে নতুন করে ৮৪৯ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৪৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১ লাখ ১১ হাজার ৪৮০। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫০০ জন। একই সময়ে মোট ৯৪ হাজার ৩৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ৯০ হাজার ৬০৫ জন হাসপাতাল ছেড়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









