উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরব। দেশটির দাবি, ইরান আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ, ইসলামিক কো-অপারেশন অর্গানাইজেশনের (ওআইসি) সনদসহ বিভিন্ন আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করেছে।
রবিবার (১২ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার পর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এ প্রতিক্রিয়া জানায়।
এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা এবং সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করার কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ, ওআইসি সনদ এবং সুপ্রতিবেশী সম্পর্কের নীতির পরিপন্থী। এসব পদক্ষেপের ফলে সমুদ্রপথে নিরাপত্তা ও আন্তর্জাতিক জাহাজ চলাচল হুমকির মুখে পড়েছে।
সর্বশেষ হামলায় সৌদি আরব সরাসরি লক্ষ্যবস্তু না হলেও, গত সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ইরানের হামলায় সৌদির একটি তেলের ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই ঘটনার পরই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়।
এদিকে, হরমুজ প্রণালিতে সর্বশেষ আরেকটি হামলায় একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে থাকা ১০ ভারতীয় নাবিককে উদ্ধার করা হলেও এখনও একজন নিখোঁজ রয়েছেন। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিও ভারতের নাগরিক। এ ঘটনায় ভারত সরকারও ইরানের নিন্দা জানিয়েছে।
সূত্র: গালফ নিউজ


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









