গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দেওতলা গ্রামে একই পরিবারের একাধিক শিশুর সঙ্গে দীর্ঘদিন ধরে যৌন হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় এক মুদি দোকানদারের বিরুদ্ধে।
এ ঘটনায় রবিবার (১২ জুলাই) বিকেল ৩টার দিকে শিশুটির মা লাইলী বেগম বাদী হয়ে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত শফিকুল ইসলাম (৫৫) দেওতলা গ্রামের মৃত ফায়েজ উদ্দিনের ছেলে। তিনি নিজ বাড়ির পাশে একটি মুদি দোকান পরিচালনা করেন।
অভিযোগপত্রে লাইলী বেগম উল্লেখ করেন, বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে শফিকুল ইসলাম তাদের বাড়িতে পানি নেওয়ার জন্য আসেন। এ সময় বাড়ির আশপাশে কেউ না থাকার সুযোগে তার পাঁচ বছর বয়সী মেয়েকে একা পেয়ে শারীরিকভাবে অনাকাঙ্ক্ষিত আচরণ করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এলে অভিযুক্ত দ্রুত সেখান থেকে চলে যান বলে জানান শিশুটির মা।
পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করা হচ্ছে।
মায়ের অভিযোগ, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর আগেও তার সাত বছর বয়সী বড় মেয়ে এবং পাঁচ বছর বয়সী মেয়ের সঙ্গে শফিকুল একই আচরণ করেছেন বলে পরিবারের দাবি।
তারা জানান, দোকানে কোনো কিছু কিনতে গেলে শিশুদের সঙ্গে অভিযুক্ত ব্যক্তির আচরণ নিয়ে তাদের সন্দেহ তৈরি হয়েছিল।
অভিযোগে আরও বলা হয়, স্বামী কর্মস্থলে থাকার সুযোগে শফিকুল ইসলাম বিভিন্ন সময় তাকেও অশোভন ইঙ্গিত দিতেন এবং রাতের বেলায় বাড়ির আশপাশে এসে ডাকাডাকি করতেন।
এই অভিযোগের সঙ্গে পরিবারের একটি পুরোনো বেদনাদায়ক অধ্যায়ের কথা তুলে ধরে ভুক্তভোগী শিশুর মা জানান, ২০২২ সালে তার বড় মেয়ে বাড়ির সামনে একটি আমগাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে সময় বিষয়টির প্রকৃত কারণ তারা বুঝতে পারেননি। তবে বর্তমান অভিযোগের পর ওই ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র ছিল কী না, তা নিয়ে পরিবারের মধ্যেও নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।
তারা জানান, ভয়, সামাজিক সংকোচ ও পরিস্থিতির কারণে তারা বিষয়গুলো প্রকাশ্যে আনতে পারেননি। অবশেষে তারা আইনের আশ্রয় নিয়েছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









