কিশোরগঞ্জের নূহার নান্দলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আকন্দের বিরুদ্ধে আনিত অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে মানববন্ধন করেছেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসী। প্রবল বৃষ্টির মধ্যেও তারা নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
রবিবার (১২ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের চৌদ্দশত পেট্রোল পাম্পের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃষ্টিকে উপেক্ষা করে শতাধিক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দা কর্মসূচিতে অংশ নেন।
এক অভিভাবক মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আকন্দের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, আর্থিক অনিয়ম, ঘুষ গ্রহণ, সরকারি প্রকল্পের অর্থের অপব্যবহার এবং শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত অর্থের হিসাব গোপন রাখার অভিযোগ তোলেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনকারীরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা ও বর্তমান-প্রাক্তন শিক্ষার্থীরা দাবি করেন, অধ্যক্ষের বিরুদ্ধে আনিত দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ভিত্তিহীন। তারা বলেন, মাদ্রাসার শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং প্রশাসনের নিরপেক্ষ তদন্তেই সত্য বেরিয়ে আসবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









